কুড়িগ্রাম প্রতিনিধি:
মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবময় স্মৃতিবিজড়িত মুক্তাঞ্চল রৌমারী এই সংগ্রামী জনপদের কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শামিম আকতার শুভকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় উত্তরাঞ্চলের ছাত্রসমাজ।
দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন শামিম আকতার শুভ। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নির্যাতন, হামলা ও মামলার শিকার হলেও তিনি ছাত্ররাজনীতিতে সক্রিয় থেকে সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন। তৃণমূলের অনেক নেতাকর্মীর মতে, তিনি একজন পরীক্ষিত ও কর্মীবান্ধব সংগঠক।
ছাত্রদলের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, রংপুর বিভাগ থেকে কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃত্বে আসার সুযোগ পেয়েছেন মাত্র দু’জন—রুহুল কবির রিজভী ও হাবিবুন্নবী খান সোহেল। তবে সেই সময়ও পেরিয়ে গেছে প্রায় ৩৫ বছর। এরপর বিভিন্ন সময়ে উত্তরাঞ্চল থেকে একাধিক যোগ্য ও ত্যাগী নেতা নেতৃত্বের দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত তারা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে।
উত্তরাঞ্চলের ছাত্রনেতাদের দাবি, আন্দোলন-সংগ্রামে এই অঞ্চলের নেতাকর্মীরা বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাজপথের লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেও কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষেত্রে তাদের অবদান অনেক সময়ই উপেক্ষিত হয়েছে।
এমন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে সক্রিয়, ত্যাগী ও সাহসী ছাত্রনেতা মো: শামিম আকতার শুভকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হিসেবে মূল্যায়নের দাবি তুলেছেন উত্তরাঞ্চলের ছাত্রসমাজের একটি অংশ। তাদের মতে, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে এবার উত্তরাঞ্চল থেকে নেতৃত্বে মূল্যায়ন করা সময়ের দাবি।