শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের সাফল্য এলাকাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি করেছে।
শিবচর উপজেলার ভাওরকান্দি সানকির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আফ্রিদি মিয়া ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। একই বিদ্যালয়ের তার আপন ভাই সোয়েে মিয়া সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
বৃত্তি প্রাপ্ত দুই ভাই উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ভাওরকান্দি এলাকার হিরু মিয়া মাদবরের ছেলে।
রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ফলাফলে দেখা যায়, দুই ভাই একই বিদ্যালয় থেকে বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। তাদের এই কৃতিত্বে শিক্ষক, সহপাঠী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, দুই ভাইই ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার মাধ্যমে তারা এই সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতেও তারা আরও ভালো ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন শিক্ষকরা।
শিক্ষার্থী আফ্রিদি মিয়া বলেন, আমার এই সফলতার পিছনে আমার বাবা-মা ও শিক্ষকদের অবদান অনেক।আমাদের দুই ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন।আমি একজন চিকিৎসক হতে চাই।
তাদের বাবা হিরু মিয়া মাদবর বলেন, আমার দুই ছেলের এমন সাফল্যে আমি ও পরিবারের সদস্যরা খুব খুশি। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমি সবার কাছে দোয়া চাই, যেন তারা ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।
রফিকুল/ সারাক্ষণ নিউজ