মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলায় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন শিবচর উপজেলার ভদ্রাসন মাদবরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবা আক্তার। একইসঙ্গে জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন শিবচর উপজেলার নিলখীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা আক্তার।
সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা অফিস, মাদারীপুর কর্তৃক প্রকাশিত “প্রাথমিক শিক্ষা পদক-২০২৬” এর তালিকায় তাদের নাম ঘোষণা করা হয়। প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মর্জিনা আক্তার স্বাক্ষরিত এ তালিকা প্রকাশের পর শিক্ষা অঙ্গনে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সহকারী শিক্ষিকা রেবা আক্তার দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে আসছেন। শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক ও সৃজনশীল পদ্ধতি প্রয়োগ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি, ঝরে পড়া শিক্ষার্থী রোধ, শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন। তার নেতৃত্ব ও আন্তরিকতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে এবং লেখাপড়ার মানেও ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অন্যদিকে শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত রোকসানা আক্তার কাব কার্যক্রম পরিচালনায় দক্ষতা, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা চর্চা, সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং শিশুদের নেতৃত্ব বিকাশে বিশেষ অবদান রেখে প্রশংসিত হয়েছেন। তার পরিচালনায় বিদ্যালয়ের কাব দল বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে সফলতা অর্জন করেছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই, শিক্ষা কার্যক্রমে অবদান, সৃজনশীল উদ্যোগ, বিদ্যালয় ব্যবস্থাপনা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ভিত্তিতে এ নির্বাচন সম্পন্ন করা হয়।
শ্রেষ্ঠত্ব অর্জনের খবরে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সহকর্মীরা জানান, রেবা আক্তার ও রোকসানা আক্তার দুজনই অত্যন্ত পরিশ্রমী, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে এলাকায় সুপরিচিত।
এ বিষয়ে রেবা আক্তার বলেন, “এই অর্জন আমার একার নয়। বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ফল এটি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাব।”
রোকসানা আক্তার বলেন, “শিশুদের নৈতিক ও সৃজনশীল বিকাশে কাব কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর আওতায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার সেরা ব্যক্তিদের নাম ঘোষণা করা হ