শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি ফিরিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সরকারী বরহামগঞ্জ কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হিমেল মাতুব্বর শিক্ষার্থীদের জন্য শিবচর টু পাচ্চর ও শিবচর টু শেখপুর রুট ব্যবহারকারী ছাত্র ছাত্রীদের জন্য বাস ভাড়া বিনামূল্যে করার ব্যবস্থা করেছেন।
জানা গেছে, উপজেলার শেখপুর ও পাঁচ্চর এলাকা থেকে প্রায় আড়াইশ থেকে তিনশত অসহায় শিক্ষার্থী নিয়মিত কলেজে যাতায়াত করে।তারা আর্থিক সংকটের কারনে নিয়মিত কলেজে উপস্থিত হতে পারে না, ফলে উপস্থিতির হারও কমে যায়।
এ সমস্যা সমাধানে হিমেল মাতুব্বর শেখপুর- ঢাকা ভায়া শিবচর রুটে চলাচলকারী আনন্দ পরিবহনের বাস মালিকদের সঙ্গে আলোচনা করেন। তার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।তারা বলেন, এতে করে এখন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা সহজ হবে এবং পড়াশোনায় আরও মনোযোগ দেওয়া সম্ভব হবে।
স্থানীয় সচেতন মহলও এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেছেন, এমন মানবিক পদক্ষেপ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
এবিষয়ে হিমেল মাতুব্বর বলেন,বরহামগঞ্জ কলেজে অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী পড়াশোনা করেন।তারা দূরদূরান্ত থেকে এখানে আসে।এতে তাদের অনেক টাকা খরচ হয়।এরা অনেকসময় টাকার জন্য কলেজ নিয়মিত আসতে পারে না। আগামী রবিবার থেকে যারা কলেজে পাঁচ্চর ও শিবচর এলাকায় থেকে আসে তারা বিনা ভাড়ায় কলেজে আসতে পারবে।আমরা বাস মালিকদের সাথে কথা বলে এই ব্যবস্থা করেছি।